গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সঙ্গে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত ২০ নভেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টে সিপিএ মহাসচিব স্টিফেন টুইগের সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার (২২ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।
আলোচনায় বাংলাদেশের সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে সংসদের সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে।
চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর ও শক্তিশালী করতে সংসদীয় প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রেখেই অন্যান্য দেশের সংসদের সঙ্গে সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর আইনসভাগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, আইন প্রণয়নের দক্ষতা উন্নয়ন এবং সংসদ সদস্যদের অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও আলোচনা হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সম্পর্ক অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথ উদ্যোগ বাড়ানো এবং আন্তর্জাতিক সংসদীয় অঙ্গনে বাংলাদেশের অংশগ্রহণ আরও কার্যকর করার বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।