দেশের শিল্পাঞ্চল থেকে শুরু করে বিমানবন্দর, রেলস্টেশন, আদালত ও নৌবন্দর—নিরাপত্তার আওতায় আনা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে সক্রিয় রয়েছে বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় বাড়ানো হয়েছে নজরদারি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত সরকারবিরোধী আন্দোলন ঘিরে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে থানা, পুলিশ বক্স, হাসপাতাল, পরিবহন, রাজনৈতিক নেতাদের বাসভবন এবং গ্রামীণ ব্যাংকের শাখাসহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠান।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামারুম মুনিরা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপরতা চলছে।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় ধারণ করা সরাসরি ভিডিও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবির উপমহাপরিচালক (মিডিয়া) কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে ৫৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
এর আগে ঢাকা মহানগরীসহ আট জেলায় আরও ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এর মধ্যে ঢাকা জেলায় ১৮, মহানগরীতে ৫, গোপালগঞ্জে ২৯, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, ময়মনসিংহে ২, ফরিদপুরে ৫ এবং কক্সবাজারে ৬ প্লাটুন রয়েছে।
শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় আনসার ব্যাটালিয়নের ৫৩ প্লাটুন সদস্যও মোতায়েন করা হয়েছে। গাজীপুরে ১৩, নারায়ণগঞ্জে ৪, গোপালগঞ্জে ১৫, খুলনায় ৪, ফরিদপুরে ৫, মাদারীপুরে ৪, সাতক্ষীরায় ২, ময়মনসিংহে ২ এবং শরীয়তপুরে ৪ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আনসার সদস্যরা নিয়মিত টহল, স্থির অবস্থানে দায়িত্ব পালন এবং মোবাইল টিমের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করা এবং সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধও তাঁদের দায়িত্বের মধ্যে রয়েছে।
অন্যদিকে অপরাধ দমন ও পুলিশের সক্ষমতা বাড়াতে চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দপ্তর আটটি উপকমিটি গঠন করে। এসব কমিটির সুপারিশে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা এবং সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণের বিষয় গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া কিশোর গ্যাং, ছিনতাই, ডাকাতি, মানবপাচার, সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা দমনে সমন্বিত উদ্যোগের কথা বলা হয়েছে। পুলিশের জনবল, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা, স্মার্ট ট্র্যাকিং ও অনলাইন জিডি ব্যবস্থার সম্প্রসারণের সুপারিশও রয়েছে।
গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার মধ্যে তথ্য বিনিময়ের সমন্বয় বাড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি)। সব মিলিয়ে মাঠপর্যায়ের নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারি—দুই দিকেই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।




