তথ্য কমিশন পুনর্গঠনের পর প্রথম চার দিনে তথ্য অধিকার আইনে দায়ের করা ২৫টি অভিযোগের শুনানি হয়েছে। এর মধ্যে ২০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি পাঁচটির পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) কমিশনে সাতটি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাঁচটি নিষ্পত্তি করা হয়েছে এবং দুটি অভিযোগের পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন এসব অভিযোগের শুনানি গ্রহণ করেন।
কমিশন সূত্রে জানা যায়, রোববারের শুনানিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি ও ভর্তি ফি-সংক্রান্ত তথ্য না পাওয়া, বিভিন্ন অর্থবছরে নলকূপ স্থাপন এবং উপকারভোগীদের তালিকা প্রকাশ না করার অভিযোগ উঠে আসে।
এ ছাড়া পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ও ফলাফলের নথি, ইউনিয়ন পরিষদের সভার কার্যবিবরণী, নোটিশ ও গৃহীত সিদ্ধান্তের তথ্য না পাওয়ার বিষয়েও অভিযোগ করেন আবেদনকারীরা। বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন ও সিদ্ধান্তসংক্রান্ত তথ্য না পাওয়ার অভিযোগও শুনানিতে উত্থাপিত হয়।