দেশের সরকারি ভবনগুলোর অব্যবহৃত ছাদ এবার কাজে লাগানো হবে সৌরবিদ্যুৎ উৎপাদনে। এ উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ তৈরি করেছে সরকার। নতুন ব্যবস্থায় সরকারি প্রতিষ্ঠানকে কোনো অর্থ বিনিয়োগ করতে হবে না। বেসরকারি উদ্যোক্তারা নিজস্ব অর্থে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবেন। বিনিময়ে উৎপাদিত বিদ্যুতের অন্তত ১০ শতাংশ বিনামূল্যে পাবে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান।
এ কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিকভাবে ৮ হাজার ২৩৬টি উদ্যোক্তা প্রতিষ্ঠান বাছাই করেছে বিদ্যুৎ বিভাগ। এ জন্য সৌরবিদ্যুৎ স্থাপন, মূল্য নির্ধারণ, বিনিয়োগকারী নির্বাচন ও চুক্তির শর্তাবলি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ১ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রকল্পগুলো পরিচালন ব্যয়ভিত্তিক (ওপেক্স) ও মূলধনি ব্যয়ভিত্তিক (ক্যাপেক্স) পদ্ধতিতে বাস্তবায়ন করা যাবে। এর আগে ১৯ অক্টোবর বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উপযুক্ত ভবনে এ প্রকল্প বাস্তবায়নের সুযোগ রাখা হয়েছে।
১৫ বছরের চুক্তিতে বিদ্যুৎ উৎপাদন
নতুন ব্যবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের যাবতীয় ব্যয় বহন করবে। সরকারি প্রতিষ্ঠান তাদের ভবনের ছাদ ব্যবহারের অনুমতি দেবে। উৎপাদিত বিদ্যুতের কমপক্ষে ১০ শতাংশ বিনামূল্যে পাবে ভবন কর্তৃপক্ষ। প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করলে সরকারি প্রতিষ্ঠান প্রচলিত খুচরা দরের তুলনায় ২০ শতাংশ কম মূল্যে তা কিনতে পারবে।
সাধারণ সরকারি দপ্তরের ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা মূল্য ১৩ টাকা ৮২ পয়সা ধরে ছাড়ের পর দাম হবে প্রায় ১১ টাকা ৬ পয়সা। বড় সরকারি দপ্তর ও কমপ্লেক্সের জন্য প্রতি ইউনিট ১২ টাকা ৫৪ পয়সা হিসাবে মূল্য দাঁড়াবে প্রায় ১০ টাকা ৩ পয়সা। তবে শিক্ষা, ধর্মীয়, দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতালের নির্দিষ্ট শ্রেণির গ্রাহকদের জন্য প্রতি ইউনিট ৮ টাকা ৫০ পয়সা নির্ধারণের বিধান রয়েছে।
চুক্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১৫ বছর। এ সময়ে কেন্দ্রের মালিকানা ও পরিচালনার দায়িত্ব থাকবে বিনিয়োগকারীর হাতে। চুক্তির সময় শেষ হলে কোনো অতিরিক্ত মূল্য ছাড়াই সৌরবিদ্যুৎকেন্দ্রটি সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করতে হবে। উভয় পক্ষ সম্মত হলে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।
বিদ্যুৎ বিক্রিতে বিশেষ সুবিধা
সরকারি প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারবে। এ ক্ষেত্রে মোট রপ্তানিকৃত বিদ্যুতের ১০ শতাংশ বিতরণ সংস্থা কর্তন করবে। বাকি ৯০ শতাংশের মূল্য হিসাব করে প্রতি তিন মাস অন্তর উদ্যোক্তাদের পরিশোধ করা হবে।
নির্ধারিত সময়ের মধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করা যোগ্য প্রকল্পগুলো ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিদ্যুৎ বিক্রির সুবিধা পাবে। এ সুবিধা পেতে প্রকল্পের বাণিজ্যিক কার্যক্রম ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে শুরু করতে হবে। এরপর সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।
উদ্যোক্তা নির্বাচনের ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সক্ষমতা যাচাই করা হবে। যেসব প্রতিষ্ঠান সরকারি ভবনকে উৎপাদিত বিদ্যুতের বেশি অংশ বিনামূল্যে দেওয়ার প্রস্তাব করবে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একাধিক প্রতিষ্ঠানের প্রস্তাব সমান হলে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে।
সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় লক্ষ্যমাত্রা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট উৎপাদন সক্ষমতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে এ সক্ষমতা ৫ হাজার ৫০০ মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সময়ে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আরও ৪ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কৌশলপত্রে উল্লেখ করা হয়েছে, দেশে বর্তমানে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সক্ষমতা প্রায় ২ হাজার মেগাওয়াট। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে নিশ্চিত করতে ১২ হাজার থেকে ১৪ হাজার মেগাওয়াট সক্ষমতা প্রয়োজন হবে। এ লক্ষ্য পূরণে নতুন করে প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার মেগাওয়াট সক্ষমতা যুক্ত করতে হবে।
বিনিয়োগ ও রক্ষণাবেক্ষণ নিয়ে চ্যালেঞ্জ
বড় পরিসরে এ কর্মসূচি বাস্তবায়নে অর্থায়নকে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চার হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তুলতে আনুমানিক ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতে পারে। সে হিসাবে প্রতি মেগাওয়াটে গড় ব্যয় প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা। বিপরীতে উদ্যোক্তাদের জন্য সরকারের ঘোষিত প্রাথমিক তহবিল ১ হাজার ৫০০ কোটি টাকা।
খাতসংশ্লিষ্টদের মতে, শুধু বিনিয়োগ নিশ্চিত করলেই প্রকল্পের সফলতা আসবে না। উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা, ভবনের ছাদের কাঠামোগত উপযোগিতা এবং দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে। ধুলাবালি জমে সৌর প্যানেলের উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তির কারণে সরকারের ভবিষ্যৎ আর্থিক দায় এবং উদ্যোক্তা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে কতটা উৎপাদন সক্ষমতা বাস্তবে যুক্ত করা সম্ভব হয়, তার ওপরই নির্ভর করবে সরকারের এ উদ্যোগের সাফল্য।