গঙ্গার পানির হিস্যা ও চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও আনুষ্ঠানিক আলোচনা হয়েছে। ঢাকায় দুই দেশের যৌথ কমিটির ৯১তম বৈঠকে ১৯৯৬ সালের পানিবণ্টন চুক্তির অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগের কমিশনার (এফএম) ও যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গার পানিপ্রবাহ পর্যবেক্ষণ, পানিবণ্টনের হিসাব, তথ্য আদান-প্রদান এবং চুক্তির বিভিন্ন শর্ত বাস্তবায়নের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আনোয়ার কাদির বলেন, অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় ১৯৯৬ সালের চুক্তি দুই দেশের সহযোগিতার গুরুত্বপূর্ণ ভিত্তি। এর যথাযথ বাস্তবায়নে নিয়মিত পানিপ্রবাহের তথ্য বিনিময় ও যৌথ পর্যবেক্ষণের বিকল্প নেই। ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হওয়াকে তিনি দ্বিপক্ষীয় সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ বিবেচনায় দুই দেশের মধ্যে পানি ভাগ করা হয়। প্রতি ১০ দিন অন্তর প্রবাহের পরিমাণ হিসাব করে নির্ধারিত নিয়মে পানির হিস্যা বণ্টনের বিধান রয়েছে।
গঙ্গার পানিপ্রবাহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্যসম্পদ, নৌপথ ও পরিবেশের ওপর সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে নদীর নাব্যতা হ্রাস, লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
এ কারণে গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই দেশের যৌথ নদী কমিশনের নিয়মিত বৈঠক চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ এবং পানিসম্পদ ব্যবস্থাপনায় পারস্পরিক সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করছে।




