নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহে অনিশ্চয়তা মোকাবিলায় বড় পরিসরে গুদাম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সংস্থাটির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ জানান, নতুন গুদাম নির্মাণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভাড়ায় গুদাম নেওয়া হচ্ছে। এতে পণ্য সংগ্রহ ও বিতরণের সক্ষমতা বাড়বে।
বর্তমানে সংস্থাটির নিজস্ব ও ভাড়া করা গুদামে প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন পণ্য সংরক্ষণ করা যায়। নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বর নাগাদ এই পরিমাণ প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে পৌঁছাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে নিজস্ব গুদামগুলোর ধারণক্ষমতা এক লাখ টনে নেওয়ার উদ্যোগ রয়েছে। এ ছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মজুত বা বাফার স্টক গড়ে তোলার কাজও শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় অবকাঠামো ও মজুতের পরিমাণ নির্ধারণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে, যা শেষ হতে প্রায় এক বছর লাগতে পারে।
টিসিবি নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির কার্যক্রম সচল রাখতে অন্তত এক মাসের চাহিদা পূরণের মতো পণ্য মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা তৈরির বিষয়টিও বিবেচনায় রয়েছে।
বিশেষ করে রমজান মাসে চাল, ডাল, তেল, চিনি ও অন্যান্য নিত্যপণ্যের চাহিদা বেড়ে যায়। পর্যাপ্ত গুদাম সুবিধা থাকলে আগাম পণ্য সংগ্রহ করে প্রয়োজনের সময় বাজারে সরবরাহ করা সহজ হবে। একই সঙ্গে আমদানি বা পণ্য সংগ্রহে বিলম্ব এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।
কর্তৃপক্ষের আশা, গুদাম সম্প্রসারণ ও বাফার স্টক তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হলে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে। এর ফলে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়বে।