সামাজিক কাজে অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ তরুণকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠন পাচ্ছে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান।
বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, তরুণদের সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করতে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের অধীনে স্থায়ীভাবে এ পুরস্কার চালু করা হয়েছে। যুব সংগঠনগুলোর আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির উদ্যোগেও প্রতিবছর অনুদান দেওয়া হয়।
আগামী ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুরস্কার ও অনুদান বিতরণের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী তরুণ ও যুব সংগঠনগুলোর হাতে পুরস্কার ও অনুদানের চেক তুলে দেবেন বলে জানানো হয়েছে।
আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে নির্বাচিত ১৫ তরুণ-তরুণী পুরস্কার পাবেন। প্রত্যেকে এক লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র পাবেন।
প্রতিমন্ত্রী জানান, জেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে এক লাখ টাকা, উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সংগঠনকে ৭৫ হাজার টাকা এবং বিশেষ বিভাগে নির্বাচিত ২০টি সংগঠনকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। জেলা প্রশাসকদের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ ও যুবকল্যাণ তহবিল বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে সংগঠনগুলো নির্বাচন করা হয়েছে।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকেরা যুক্ত থাকবেন। কেন্দ্রীয় অনুষ্ঠানে চেক হস্তান্তরের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আরও ৪২৯টি সংগঠনকে চেক দেওয়া হবে। প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর চেক উদ্বোধনের পর অনুদানের অর্থ সংশ্লিষ্ট সংগঠনগুলোর ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানো হবে।