সাংবাদিকতা শুধু পরিচয় কিংবা পেশাগত পরিচিতির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশ্ন। এ পেশায় মানসম্মত কর্মী তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই বলে মনে করছে সরকার।
সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, সাংবাদিকতা পেশায় যুক্ত হতে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। এ ক্ষেত্রে সাংবাদিকদের দক্ষ করে তুলতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশকে (পিআইবি) আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউজ রোডে পিআইবি মিলনায়তনে তিন মাস মেয়াদি গণমাধ্যম বিষয়ক সার্টিফিকেট কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে মোবাইল ফোনের সহজলভ্যতার কারণে অনেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হচ্ছেন। এ নিয়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে প্রশ্ন ও অসন্তোষ রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সাংবাদিকতার মতো দায়িত্বশীল পেশায় আসার আগে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ থাকা জরুরি।
তিনি জানান, সংবাদপত্র ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের প্রশিক্ষণের আওতা বাড়ানোর বিষয়ে সরকার কাজ করছে। পিআইবির সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকতার বিভিন্ন শাখায় প্রশিক্ষণের নতুন কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই পিআইবি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠানটির ঐতিহ্য ও গুরুত্ব বিবেচনায় এর কার্যক্রম আরও সম্প্রসারণ করা দরকার। পিআইবির সনদ দেশ-বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব বহন করে। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি অন্যদের দক্ষতা উন্নয়নেও ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, দেশের বিরুদ্ধে অপতথ্য ও পরিকল্পিত প্রচারণা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা শক্তিশালী করতে হবে।
তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম থেকে বিভ্রান্তিকর ভিডিও ও ভুল তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার মোকাবিলায় তথ্য যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, সাময়িকভাবে মিথ্যা তথ্য মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হয়।
সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং যুক্তিনির্ভর সম্পাদনার মাধ্যমে প্রতিবেদন তৈরির আহ্বান জানান পিআইবি মহাপরিচালক।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন নাজমুল হাসান, রুম্পা ফারজানা ও মো. ইব্রাহিম। আলোচনা শেষে কোর্সে সফলভাবে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।