কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে বাংলাদেশে আর রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গণহত্যার ঘটনায় দলটি রাজনৈতিক দলের পরিচয় হারিয়েছে। একই সঙ্গে দলটির বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের অবস্থানও তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দলের পরিবর্তে নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের পর দলটির রাজনৈতিক স্বীকৃতি নেই এবং দেশের মানুষও তা গ্রহণ করবে না বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ইতিহাসে গণহত্যা ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত শক্তির রাজনৈতিক প্রত্যাবর্তনের নজির নেই। আওয়ামী লীগও বাংলাদেশে আর গণতান্ত্রিক রাজনীতিতে ফিরতে পারবে না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামির দেশে ফেরার বিষয়টি প্রত্যর্পণ চুক্তির আওতায় নিষ্পত্তি হতে হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে কূটনৈতিক চিঠি পাঠানো হয়েছে। ওই দেশও আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছে।
তিনি বলেন, দেশে ফেরার বিষয়ে কখনো নভেম্বর, কখনো ডিসেম্বর, আবার কখনো ১৬ ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এসব ঘোষণা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা দেশে থাকা কর্মীদের দিয়ে মশাল মিছিল, অবরোধ, লকডাউন ও হরতালের মতো কর্মসূচি পালনের নির্দেশ দিচ্ছেন বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, এসব নির্দেশনার মাধ্যমে দেশে থাকা নেতা-কর্মীদের বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতি ছাড়াই বিভিন্ন অপচেষ্টা প্রতিহত করেছে। ভবিষ্যতে অগ্নিসংযোগ, নাশকতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের বিষয়ে তিনি বলেন, গোয়েন্দা তথ্যে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকলে পুলিশের পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনী মোতায়েন করা নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। মহান বিজয় দিবস নির্বিঘ্নে উদযাপনের জন্য আন্তমন্ত্রণালয় সভার মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।
আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার বিষয়ে মন্ত্রী জানান, বিষয়টি এখন বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) আইন, ২০২৬ এবং সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী মানবতাবিরোধী অপরাধে ব্যক্তি ছাড়াও দল বা সংগঠনকে বিচারের মুখোমুখি করার বিধান রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত রেখেছে।
গোপালগঞ্জে নাশকতা এবং পুলিশের কয়েকজন কর্মকর্তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি দায়িত্বে থেকে রাজনৈতিক পক্ষপাত বা ষড়যন্ত্রে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জের মুকসুদপুরের বাসিন্দা ও কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপারকেও দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সম্মতিতে মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ ও চুক্তি স্বাক্ষর হয়েছে। প্রকৃত শ্রমিক ও মালিকরা এতে সন্তুষ্ট বলে দাবি করেন তিনি। তবে শ্রমিক এলাকায় গুজব ছড়িয়ে একটি পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তার মতে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে কাজ করছে এবং উসকানিদাতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেছেন। জোটগতভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে।




