বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতি কমানো, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বহুমুখীকরণে দেশটিতে কারখানা স্থাপন ও উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ আয়োজনে ‘২০২৬ ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চীন রিলেশনস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট রপ্তানির বড় অংশ পশ্চিমা দেশগুলোতে গেলেও চীনের বাজারে রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৭৫ শতাংশ পশ্চিমা বাজারে এবং ১৮ দশমিক ৮৫ শতাংশ যুক্তরাষ্ট্রে গেলেও চীনে গেছে মাত্র ১ দশমিক ৭১ শতাংশ। এ ব্যবধান কমাতে আমদানি-রপ্তানির প্রচলিত ধারার বাইরে গিয়ে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, দক্ষ জনশক্তি ও বাজারসুবিধা কাজে লাগিয়ে চীনা উদ্যোক্তারা এখানে শিল্পকারখানা গড়ে তুলতে পারেন। এসব কারখানায় উৎপাদিত পণ্য আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারেও রপ্তানির সুযোগ রয়েছে।
বাংলাদেশ-চীন সম্পর্কের প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও সফর বেড়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৬ সালের জুনে চীন সফরে ঘোষিত ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন কমিউনিটি’ গঠনের অঙ্গীকার দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন দিকনির্দেশনা দিয়েছে। পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে এ সম্পর্ককে অর্থনৈতিক সহযোগিতায় আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
অবকাঠামো উন্নয়নে চীনের সহযোগিতা কামনা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে আধুনিক ও পরিবেশবান্ধব লজিস্টিকস কেন্দ্রে পরিণত করতে যৌথ উদ্যোগ নেওয়া যেতে পারে। মাতারবাড়ীর মতো আরও একটি বড় বন্দর অবকাঠামো নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। পাশাপাশি চাঁদপুরকে সম্ভাবনাময় বন্দর ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলা, চাঁদপুর-শরীয়তপুর সেতু বা টানেল নির্মাণ এবং দুই দেশের যৌথ উদ্যোগে শিপিং ও লজিস্টিকস কোম্পানি প্রতিষ্ঠার প্রস্তাব দেন।
আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি। এ ক্ষেত্রে চীনের কুনমিং থেকে মিয়ানমারের কিয়াউকফিউ পর্যন্ত সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন এবং সমুদ্রপথে কিয়াউকফিউ বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরের সংযোগ স্থাপনের প্রস্তাব করেন। তবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি, অর্থনৈতিক স্বার্থ এবং অবকাঠামোগত সক্ষমতা যাচাই করে সম্ভাব্যতা সমীক্ষা ও নীতিগত আলোচনা এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ছাড়া টেকসই বাণিজ্য ও বিনিয়োগ সম্ভব নয়। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের কার্যকর কূটনৈতিক ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের (এসআইআইএস) সিনিয়র রিসার্চ ফেলো ও সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজের পরিচালক ড. লিউ জংই এবং এসআইআইএস-ডিইউ সেন্টার ফর চায়না স্টাডিজের পরিচালক। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ।
সেমিনারে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি, সাবেক কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নীতিনির্ধারকেরা অংশ নেন।