নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দের আবেদন নিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেডের প্রতিনিধিরা।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের নেতৃত্বে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির কাছে লিখিত আবেদন হস্তান্তর করে।
রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি আবেদনটি গ্রহণ করে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎকালে নটরডেম কলেজের শিক্ষা পরিবেশ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক, পাঠদান পদ্ধতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম ধরে রেখেছে। অন্য কলেজগুলোর জন্যও এটি অনুসরণীয়।
এ সময় প্রতিনিধিদলটি সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথাও রাষ্ট্রপতিকে জানানো হয়।
রাষ্ট্রপতি সংগঠনটির কার্যক্রমের সফলতা কামনা করেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ক্লাবের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।