বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে জোহানেসবার্গ ও কেপটাউটের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়।
বৈঠকে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পাশাপাশি দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার।
মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার বিবেচনা করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট সম্ভাবনা রাখে। দুই দেশের পর্যটন খাতের উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়াতে পারস্পরিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।
সাক্ষাতে মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।