দেশের পরিবার পরিকল্পনা ও টিকাদান কার্যক্রম শক্তিশালী করতে বছরজুড়ে বিশেষ প্রচারণা শুরু করতে যাচ্ছে সরকার। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বুধবার এ তথ্য জানিয়েছেন। রাজধানীর দৈনিক সমকাল কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবার পরিকল্পনা খাতকে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক এ বৈঠকের আয়োজন করে মেরি স্টোপস বাংলাদেশ ও দৈনিক সমকাল।
প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে কয়েক দশক ধরে গড়ে ওঠা পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প ব্যবস্থা না রেখেই সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহে সংকট তৈরি হয়।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করা হয়েছে এবং ইতোমধ্যে দেশের সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী বছরব্যাপী নিবিড় প্রচারণা চালানো হবে।
স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে জনবল নিয়োগের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন এম এ মুহিত। তার ভাষ্য, হাওর, চর, পাহাড় ও উপকূলীয় এলাকার স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ এক রকম নয়। বন্যাসহ বিভিন্ন দুর্যোগে এসব অঞ্চলের দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন। জাতীয় পর্যায়ের গড় পরিসংখ্যান দিয়ে তাদের প্রকৃত সমস্যা অনুধাবন করা সম্ভব নয়। কার্যকর স্বাস্থ্যনীতি প্রণয়নে প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।
বৈঠকে গবেষণার বিষয়বস্তু ও ফলাফল তুলে ধরেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার।
আলোচনায় আরও অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিনাত আরা, মেরি স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।