জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাদের প্রত্যাশা ও ভালোবাসার মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। এসব এলাকার বাসিন্দাদের দুর্ভোগ কমাতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৬-এর আওতাধীন ৭৫ নম্বর ওয়ার্ডের গৌড়নগর নাজিমউদ্দিন মার্কেট থেকে ১৬১/৫ নম্বর হোল্ডিং পর্যন্ত নর্দমাসহ সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ৭০ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড একসময় ইউনিয়ন ছিল। পরে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হয়ে ওয়ার্ডে রূপান্তরিত হলেও দীর্ঘদিন এসব এলাকায় প্রত্যাশিত উন্নয়ন হয়নি। স্থানীয় মানুষের সমস্যা ও দাবিগুলো চিহ্নিত করে সরকারের দায়িত্বশীল পর্যায়ে তুলে ধরতে হবে। জনগণ যে আস্থা ও ভালোবাসা নিয়ে তাদের নির্বাচিত করেছেন, তার প্রতিদান দিতে আন্তরিকভাবে কাজ করতে চান তিনি।
উন্নয়নকাজ এগিয়ে নেওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে হাবিবুর রশিদ হাবিব বলেন, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ কাজে সহযোগিতা করছেন। সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এলাকার উন্নয়নের বিষয়ে আন্তরিক। বিভিন্ন সময় তাকে অনুরোধ জানালে তিনি সাড়া দিয়েছেন এবং নিজেও এলাকার উন্নয়নকাজের খোঁজখবর নিয়েছেন।
তিনি বলেন, এলাকার বাকি উন্নয়নকাজগুলো বাস্তবায়িত হলে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। মানুষের সমস্যা সমাধানে সিটি করপোরেশন সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রশাসক আশ্বস্ত করেছেন। ভবিষ্যতেও উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সড়ক প্রশস্তকরণ ও অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীর সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০ ফুট প্রশস্ত রাস্তা নির্মাণের পরিকল্পনা থাকলে দুই পাশের বাসিন্দাদের প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিতে হবে। ব্যক্তিগত জমি কিংবা সরকারি খাসজমি নিয়ে জটিলতা তৈরি হলে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হবে। সরকারি খাসজমি জনগণের সম্পদ উল্লেখ করে তিনি এসব জমি দখলমুক্ত রেখে উন্নয়নের কাজে ব্যবহারের জন্য চিহ্নিত করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর নির্ভরশীল। কেউ রাস্তা নির্মাণে বাধা সৃষ্টি না করে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে এলে পরিকল্পিত উন্নয়ন বাস্তবায়ন সহজ হবে।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




