রপ্তানিমুখী পণ্যের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারেও নিরাপদ ও মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, রপ্তানির জন্য মানসম্মত পণ্য উৎপাদন করে দেশের বাজারে নিম্নমানের পণ্য সরবরাহ করার সুযোগ নেই। খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য সুরক্ষিত থাকবে না। আর সুস্থ জনগোষ্ঠী ছাড়া ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে অ্যাসোসিয়েশন অব টেস্টিং ল্যাবরেটরিজ বাংলাদেশের (এটিএলবি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মেড ইন বাংলাদেশ, টেস্টেড টু গ্লোবাল স্ট্যান্ডার্ডস: দ্য রোল অব অ্যাক্রেডিটেড ল্যাবরেটরিজ ইন এক্সপোর্ট গ্রোথ’ শীর্ষক সেমিনারে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ ও পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক উঠে আসে।
খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা কোনো একক মন্ত্রণালয়ের কাজ নয়। কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে আরও শক্তিশালী ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার।
তিনি জানান, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে তিনটি আধুনিক পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে। ঢাকার পরীক্ষাগারটি আশুলিয়ায় এবং চট্টগ্রামেরটি হালিশহরে স্থাপনের প্রস্তাব করা হয়েছে। আগামী তিন বছরের মধ্যে এসব পরীক্ষাগার পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হলে খাদ্যপণ্য পরীক্ষায় অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমবে এবং দ্রুত পরীক্ষার ফল পাওয়া যাবে।
খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী কীটনাশকের অবশিষ্টাংশ, রাসায়নিক উপাদান, ভারী ধাতু, মাইকোটক্সিন ও অণুজীব পরীক্ষার সক্ষমতা বাড়াতে হবে। বিদ্যমান পরীক্ষাগারগুলোরও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি।
ব্যবসা-বাণিজ্যে সরকারি সেবা সহজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পণ্য পরীক্ষা, ফাইল প্রক্রিয়াকরণ ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার কারণে ব্যবসায়ীরা নানা সমস্যায় পড়েন। এসব জটিলতা কমিয়ে সেবার সময়সীমা সংক্ষিপ্ত করতে সরকার কাজ করছে। একই পণ্য বিভিন্ন প্রতিষ্ঠানে বারবার পরীক্ষার কারণে সময় ও অর্থের অপচয় হয়। এ সমস্যা দূর করতে সরকারি-বেসরকারি পরীক্ষাগার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তিনি।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে পরীক্ষার প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, অর্থের বিনিময়ে পরীক্ষার ফল পরিবর্তন কিংবা অনৈতিকভাবে সনদ দেওয়ার কোনো সুযোগ থাকা উচিত নয়। খাদ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ এবং অপরাধ অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিশুদের জন্য নিরাপদ খাদ্য সরবরাহে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও অংশীজনদের নিয়ে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। এ ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রস্তাব পর্যালোচনা করে দেশের স্বার্থে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নোমান ফারুক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসান হাবীব। এতে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে খাদ্যমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।