দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বেতন কাঠামোয় বড় পরিবর্তনের সুপারিশ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন প্রস্তাবে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
বুধবার (২৫ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে চারটি গ্রেডে নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়। এতে প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এবার বছরওয়ারি বৃদ্ধির হার ১২ শতাংশ ধরে সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। তার দাবি, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার মজুরি বৃদ্ধির হার বেশি।
মন্ত্রী বলেন, শ্রমিকদের শ্রম ও অবদান দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। বর্তমান বাজারদর, দ্রব্যমূল্য এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ করা হয়েছে। এর মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও জানান, শ্রমিকদের আর্থিক নিরাপত্তা বাড়াতে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে প্রতি তিন বছর অন্তর শ্রমিকদের বেতন পর্যালোচনা ও পুনর্নির্ধারণের সুযোগ তৈরি হবে।
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের কাজে ফিরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে শিল্পের উৎপাদনশীলতা ও দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে মালিকপক্ষের সহযোগিতা কামনা করেন।




