জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার আসন্ন নির্বাচনে নিজেদের প্রার্থীদের পক্ষে বাংলাদেশের সমর্থন চেয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ অনুরোধ জানান ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এরিক গিল্যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন শামা ওবায়েদ। বৈঠকে মানবপাচারবিষয়ক যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন, জ্বালানি, ফুলব্রাইট কমিশনের আওতায় শিক্ষা ও প্রশিক্ষণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় যুক্তরাষ্ট্র সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সিলিকন ভ্যালি সফর নিয়েও আলোচনা হয়। সফরে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি ও স্টার্টআপের প্রধান নির্বাহীদের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের কথা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে জানান প্রতিমন্ত্রী।
আন্তর্জাতিক সংস্থার নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থনের বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ