সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে, কিন্তু সেই দামে রান্নার গ্যাস পাচ্ছেন না সাধারণ মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে নির্ধারিত মূল্যের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। অথচ বাড়তি দাম নেওয়ার দায় স্বীকার করতে রাজি নন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা একে অন্যের দিকে অভিযোগের আঙুল তুলছেন। মাঝখানে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে ভোক্তাদের।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, গত ২ নভেম্বর ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ঠিক করা হয় ২ হাজার ৬০ টাকা। কিন্তু রাজধানীর বসিলা, ঘাটারচর ও মোহাম্মদপুরের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে একই ওজনের সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৩০০ টাকায়। কোম্পানিভেদেও দামের বড় পার্থক্য দেখা যাচ্ছে।
বসিলার ইউনিটি এনার্জি সলিউশনে ইউনি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ টাকা, জিএমআই ২ হাজার ২৫০, মেঘনা ফ্রেশ ২ হাজার ১০০ এবং ইউনাইটেড আই গ্যাস ২ হাজার ৫০ টাকায়। নির্ধারিত দামের সঙ্গে এই ব্যবধান নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মোহাম্মদ সজিবের দাবি, পরিবেশকদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে বলেই খুচরা পর্যায়ে দাম কমানো সম্ভব হচ্ছে না। তার ভাষ্য, কম দামে পণ্য কিনতে পারলে কম দামেই বিক্রি করবেন তারা।
একই চিত্র দেখা গেছে মোহাম্মদপুরের শের শাহ শুরি সড়কের কয়েকটি দোকানে। সেখানে ডেলটা ও গ্রিন ব্র্যান্ডের ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২৫০ টাকা এবং বসুন্ধরা ২ হাজার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। দোকান মালিকদের বক্তব্য, বেশি দামে কেনার পাশাপাশি পরিবহন ও হোম ডেলিভারির খরচ মেটাতে গিয়ে নির্ধারিত দামে বিক্রি করা কঠিন হয়ে পড়েছে।
সরবরাহ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য
খুচরা বিক্রেতাদের অভিযোগ, পরিবেশকদের কাছ থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্রয়ের রসিদও দেওয়া হয় না। ফলে প্রকৃত ক্রয়মূল্য যাচাই করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে পরিবেশকদের কেউ কেউ বলছেন, বর্তমানে কোম্পানিগুলো থেকে চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু খুচরা ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন।
কেরাণীগঞ্জের চর ওয়াশপুরের ফ্রেশ এলপিজি ডিলার মেসার্স তসলিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী তসলিম জানান, অক্টোবর মাসে গ্যাসের গাড়ি পেতে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হতো। বর্তমানে এক দিনের মধ্যেই সরবরাহ পাওয়া যাচ্ছে। তার দাবি, কোম্পানি থেকে চাহিদা অনুযায়ী গ্যাস মিলছে এবং তারা নির্ধারিত দামেই বিক্রি করছেন। অতিরিক্ত দাম নেওয়ার জন্য কিছু খুচরা বিক্রেতাকে দায়ী করেন তিনি।
অন্যদিকে বেঙ্গল ও আই গ্যাসের গুদাম ব্যবস্থাপক মনসুর আলীর বক্তব্য, সব কোম্পানির গ্যাস একই দামে পাওয়া যাচ্ছে না। কিছু প্রতিষ্ঠান অন্য কোম্পানির কাছ থেকে তরল গ্যাস সংগ্রহ করে নিজেদের সিলিন্ডারে ভরে বাজারজাত করায় তাদের খরচ বেড়ে যাচ্ছে। ফলে খুচরা পর্যায়েও দামের পার্থক্য তৈরি হচ্ছে।
চাহিদা কমলেও কমেনি দামের চাপ
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশে এলপিজির গ্রাহকসংখ্যা এক কোটির বেশি। এর মধ্যে প্রায় ৮৩ লাখ পরিবার রান্নার কাজে এই জ্বালানি ব্যবহার করে। বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনেরও বেশি।
এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) হিসাবে, গত আগস্টে দেশে এলপিজি আমদানি হয়েছিল প্রায় ১ লাখ ৫৮ হাজার টন। সেপ্টেম্বরে তা কমে ১ লাখ ৫৬ হাজার এবং অক্টোবরে আরও কমে দাঁড়ায় প্রায় ১ লাখ ৪২ হাজার টনে।
গত অক্টোবরে সরবরাহ সংকটের কারণে বাজারে দাম বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এরপর চলতি মাসে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কমিশন সমন্বয় করে বিইআরসি নতুন মূল্য নির্ধারণ করে। তবে দাম পুনর্নির্ধারণের পরও বাজারে তার প্রতিফলন ঘটেনি।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কো-অর্গানাইজিং সেক্রেটারি মনি মুক্তা পাল মনে করেন, বর্তমানে সরবরাহ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হচ্ছে। দাম বেশি থাকায় অনেক গ্রাহক বৈদ্যুতিক চুলার দিকে ঝুঁকেছেন। এতে এলপিজির চাহিদা কিছুটা কমেছে এবং বাজারও স্থিতিশীল হওয়ার পথে রয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান সরাসরি আমদানি না করে অন্যদের কাছ থেকে গ্যাস সংগ্রহ করছে, তাদের ক্ষেত্রে এখনো নির্ধারিত দামে বিক্রি করা কঠিন হচ্ছে বলে জানান তিনি।
দায় নিতে নারাজ আমদানিকারকরা
এলপিজি অপারেটরস অব বাংলাদেশের সভাপতি আমিরুল হকের বক্তব্য, আমদানিকারকদের মূল দায়িত্ব হচ্ছে গ্যাস আমদানি করে বাজারে সরবরাহ করা। সরবরাহ পর্যায়ে কোনো প্রতিষ্ঠান নির্ধারিত দামের বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের। তার মতে, আমদানি ও সরবরাহের পর বিক্রয় পর্যায়ের মূল্য নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়।
মেঘনা ফ্রেশ এলপিজির প্রধান বিপণন কর্মকর্তা আবু সাঈদ রাজা জানিয়েছেন, তাদের প্রতিষ্ঠান নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করছে। কোনো খুচরা বিক্রেতা বেশি দাম নিলে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের জানানো হবে।
অভিযান চলছে, তবু নিয়ন্ত্রণে আসছে না বাজার
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে নির্ধারিত দামের বাইরে এলপিজি বিক্রি হচ্ছে। অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান জানান, পরিবহন খরচের যৌক্তিক হিসাব বিবেচনায় রেখেও সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি করা সম্ভব।
তার দাবি, দেশে আমদানির জন্য তালিকাভুক্ত ৩২টি প্রতিষ্ঠানের বিপরীতে বর্তমানে মাত্র পাঁচটি প্রতিষ্ঠান গ্যাস আমদানি করছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সরবরাহের এই সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে কিছু ডিলার ও খুচরা ব্যবসায়ী বাড়তি দাম আদায় করছেন।
তিনি আরও বলেন, খুচরা বিক্রেতারা ক্রয়ের রসিদ সংরক্ষণ করলে তাদের প্রকৃত ক্রয়মূল্য যাচাই করা সহজ হবে। বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট স্থানে অভিযান চালানো হচ্ছে।
অন্যদিকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, যারা নিজেরা আমদানি না করে অন্য প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস কিনে বিক্রি করছেন, তাদের একটি অংশ বেশি দাম নিচ্ছে। বিষয়টি কমিশনের নজরে রয়েছে এবং বিভিন্ন এলাকায় তদারকি কার্যক্রম চলছে।
সব পক্ষের বক্তব্যে সরবরাহ, ক্রয়মূল্য ও বাজার ব্যবস্থাপনার নানা সীমাবদ্ধতার কথা উঠে এলেও ভোক্তাদের প্রশ্ন থেকেই যাচ্ছে—সরকারি মূল্য নির্ধারণের পরও কেন সেই দামে রান্নার গ্যাস পাওয়া যাবে না? নিয়মিত অভিযান ও তদারকির পাশাপাশি আমদানি থেকে খুচরা বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে মূল্য নিয়ন্ত্রণ নিশ্চিত করা না গেলে এই বাড়তি দামের বোঝা শেষ পর্যন্ত সাধারণ পরিবারের ওপরই থেকে যাবে।