ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর সামনে রেখে সার্বিক প্রস্তুতি জোরদারের নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। এ উপলক্ষে গঠিত স্টিয়ারিং কমিটির সভায় ক্যাম্পাসের পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, প্রটোকল ব্যবস্থাপনা ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপাচার্যের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।
সভায় উপাচার্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য বলেন, গুরুত্বপূর্ণ এ ধরনের সফরকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি সমন্বিত, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ ও কমিটির মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখতে হবে। প্রটোকল-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রস্তুতিতে শৃঙ্খলা নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।
সভায় ক্যাম্পাসের চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেওয়া, কাজের মান বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলো সরেজমিনে তদারকির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ক্যাম্পাসের সড়ক, প্রশাসনিক ও একাডেমিক ভবন, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া আগের সভাগুলোতে নেওয়া সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করেন কমিটির সদস্যরা। বাস্তবায়নাধীন সিদ্ধান্তগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা ও দ্রুত কাজ শেষ করার উপায় নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর জোর দেন উপাচার্য।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা, যাতায়াত, অতিথিদের অভ্যর্থনা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা, স্থান ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলোও সভায় গুরুত্ব পায়।