২০২৭ সালের ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ প্রকল্পের শুভ উদ্বোধন সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ছাড়া গঙ্গা চুক্তির ধারাবাহিকতা বজায় রাখা বা নতুন করে নবায়নের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বৈঠকে জানানো হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পদ্মা ব্যারাজ প্রকল্পের অংশ হিসেবে আগামী ২৫ অক্টোবর পাবনার সুজানগরে কমিটির পরিদর্শন কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে গঙ্গা চুক্তির সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থ জড়িত থাকার বিষয়টি গুরুত্ব পায়। এ-সংক্রান্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়। বৈঠকের শুরুতে প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে নিশ্চিত করা হয়। পরে জামালপুরের ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং যমুনা নদীর বামতীর, পুরাতন ব্রহ্মপুত্র ও আলাই নদীর তীর প্রতিরক্ষা প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
এ ছাড়া রাজশাহী ও নাটোরের বারনই নদী পুনঃখনন, দূষণ ও দখলমুক্তকরণ; উখিয়া ও টেকনাফে নাফ নদীসংলগ্ন পোল্ডার পুনর্বাসন এবং গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয়। কমিটি এসব প্রকল্পের অগ্রগতি বিস্তারিতভাবে পর্যালোচনা করে।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ কমিটির সদস্যরা অংশ নেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ বিভিন্ন সংস্থার মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




