চলতি অর্থবছরের মধ্যেই দেশের স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার পরিকল্পনা করছে সরকার। এসব নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যয় মেটাতে বাজেটে ৬ হাজার কোটি টাকা সংরক্ষণ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—এই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীকে ভোটের বিধান বাতিল করা হয়েছে।

তবে রাজনৈতিক দলগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সমর্থন দিতে পারবে বলে জানান তিনি।মীর শাহে আলম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা, ভোটকেন্দ্র নির্ধারণ, প্রিসাইডিং কর্মকর্তা নিয়োগসহ পুরো নির্বাচনী প্রক্রিয়া নির্বাচন কমিশন পরিচালনা করবে।নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার বিভাগ ও অর্থ বিভাগ আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে হবে, তা নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার জন্য সরকারের কোনো ‘গ্রিন সিগন্যালের’ প্রয়োজন নেই। কমিশন প্রস্তুত হলে তারা তফসিল ঘোষণা করতে পারবে। সরকার প্রয়োজনীয় অর্থ ও প্রশাসনিক সহযোগিতা দেবে।