পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা আবারও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার ও নিজস্ব রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সংগত দাবিতে ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে বাংলাদেশ।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের চলমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, সেখানে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের ধারাবাহিক লঙ্ঘন আন্তর্জাতিক সংহতি দিবসের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পণ্য প্রবেশে বাধা দেওয়ার ঘটনা একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে।
বাণীতে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়টিও সামনে আনেন। তিনি বলেন, যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক মানুষকে অনাহারে রাখা নিষিদ্ধ। একই সঙ্গে আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার বাহিনীর দায়িত্ব ও বাধ্যবাধকতা যথাযথভাবে পালনের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ অর্জন এবং দখলদারিত্বের অবসানের দাবিও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবকে স্বাগত জানান তিনি।
এ ছাড়া গাজায় জাতিসংঘ অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন গঠনের পক্ষে মত দেন প্রধানমন্ত্রী। তার মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বেসামরিক মানুষের নিরাপত্তা, নির্বিঘ্নে মানবিক সহায়তা পৌঁছানো এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনরুদ্ধার ও পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বাণীর শেষাংশে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে পরিণত করতে হবে। একই সঙ্গে ফিলিস্তিনের মানুষ যেন নিজেদের স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে বসবাস করতে পারে, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।