সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের ‘ক্লু’ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত বর্তমানে তাদের সংস্থা করছে না। মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে অন্য একটি মামলার তদন্ত করতে গিয়ে সাগর-রুনি হত্যার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

তবে ওই সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম-পরিচয় এখনই প্রকাশ করতে চাননি আমিনুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং ওই ব্যক্তির ওপর নজর রাখা হচ্ছে। আরও নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা পিবিআইকে দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। গত ২৭ আগস্ট প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পিবিআই তা দিতে পারেনি। পরে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯ বার পিছিয়েছে।

দীর্ঘদিন মামলাটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছে তদন্তাধীন ছিল। পরে বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের জন্য টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে পিবিআই।