বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে এ ক্লিনিকে লিভার ক্যান্সার আক্রান্ত রোগীদের আধুনিক ও সমন্বিত চিকিৎসাসেবা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ক্লিনিকটির উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে একই স্থানে একটি বৈজ্ঞানিক সেমিনারও অনুষ্ঠিত হয়। এতে রোগটির ঝুঁকি, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা এবং সমন্বিত সেবার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী বলেন, লিভার ক্যান্সার বর্তমানে একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ঝুঁকিপূর্ণ রোগীদের নিয়মিত পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা গেলে চিকিৎসার ফলাফল উন্নত করা সম্ভব। এ ক্ষেত্রে আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা ও বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ জরুরি।
তিনি বলেন, বিএমইউতে লিভার ক্যান্সার ক্লিনিক চালু হওয়ায় রোগীদের সংগঠিত ও সমন্বিত চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি এ উদ্যোগ লিভার ক্যান্সারের চিকিৎসার মানোন্নয়ন ও গবেষণার নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিক্যাল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এস. কে. এম. নাজমুল হাসান।
আয়োজকেরা জানান, ২০২৬ সালের আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে। আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এর কার্যক্রম আরও সুসংগঠিত হলো। এখানে রোগীর অবস্থা মূল্যায়ন, ক্যান্সারের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন ও অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা দেওয়া হবে।
বৈজ্ঞানিক অধিবেশনে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন ও লিভার ট্রান্সপ্লান্টেশনের আধুনিক প্রয়োগ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতি, রোগের ঝুঁকি ও চিকিৎসার ফলাফল নিয়ে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে হেপাটোলজি, রেডিওলজি, ক্লিনিক্যাল অনকোলজি, হেপাটোবিলিয়ারি সার্জারিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।




