বাংলাদেশে নারীদের স্তন ক্যান্সার দ্রুত শনাক্ত ও চিকিৎসার আওতায় আনতে জাতীয় স্ক্রিনিং কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ২০২৭ সালের জন্য প্রস্তাবিত জাতীয় নির্দেশিকার খসড়া তৈরি করেছে বাংলাদেশ সোসাইটি অব রেডিওলজি অ্যান্ড ইমেজিং (বিএসআরআই)। এতে স্ক্রিনিংয়ের বয়স, পরীক্ষা পদ্ধতি, ইমেজিংয়ের মানদণ্ড এবং রেডিওলজি প্রতিবেদন তৈরির অভিন্ন নিয়ম নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) মিল্টন হলে এ নির্দেশিকা প্রণয়ন কমিটির প্রথম কনসেনসাস সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘বাংলাদেশে স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির প্রস্তাবিত জাতীয় নির্দেশিকা (২০২৭)’ উপস্থাপন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তরের বিবেচনার জন্য এটি প্রস্তুত করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেনও উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী।
বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) ও বিএসআরআইয়ের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় চিকিৎসাপ্রতিষ্ঠানের অনকোলজিস্ট, সার্জন, সার্জিক্যাল অনকোলজিস্ট, গাইনোকোলজিস্ট, গাইনি-অনকোলজিস্ট, প্যাথলজিস্ট ও রেডিওলজিস্টরা সভায় অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) পরিচালক ও রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন, সার্জন অধ্যাপক ডা. সানোয়ার হোসেন, বিএমইউর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস, প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শবনম আখতার এবং রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল।
বিএসআরআইয়ের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. শারমিন আক্তার রুপা প্রস্তাবিত নির্দেশিকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন। বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি এই খসড়া তৈরি করেছে। এতে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরসহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল এবং প্রধান বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞরা যুক্ত রয়েছেন।
প্রস্তাবিত নির্দেশিকায় মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, বাংলাদেশের নারীদের জন্য উপযোগী স্ক্রিনিং প্রটোকল নির্ধারণ, যেখানে কারা পরীক্ষা করাবেন, কোন বয়স থেকে পরীক্ষা শুরু হবে এবং কত দিন পরপর করা প্রয়োজন, তা উল্লেখ থাকবে। দ্বিতীয়ত, স্ক্রিনিং কেন্দ্রগুলোতে স্তনের ইমেজিং পরীক্ষার গুণগত ও কারিগরি মান নিশ্চিত করা। তৃতীয়ত, রেডিওলজি প্রতিবেদন তৈরিতে অভিন্ন কাঠামো চালু করা, যাতে পরীক্ষার ফলাফল চিকিৎসকদের কাছে স্পষ্ট ও নির্ভুলভাবে পৌঁছায়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, স্তন ক্যান্সার বাংলাদেশের নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাওয়া ক্যান্সার। পরিকল্পিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব হলে এ রোগে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে। নির্দেশিকা বাস্তবায়নে তিনি বিএমইউর পক্ষ থেকে একাডেমিক সহযোগিতার আশ্বাস দেন।
মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক নাজমুল হোসেন বলেন, প্রস্তাবিত নির্দেশিকা দেশে একটি মানসম্মত জাতীয় স্ক্রিনিং কর্মসূচি গড়ে তুলতে সহায়ক হবে। সারা দেশে এ কর্মসূচি চালু করতে চিকিৎসক ও টেকনোলজিস্টদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএসআরআইয়ের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সৈয়দ আওসাফ আলী নির্দেশিকা প্রণয়নে যুক্ত বিশেষজ্ঞদের অবদানের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে খসড়াটি পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত দেওয়ার পাশাপাশি ২০২৭ সালে দেশব্যাপী স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত অধিকাংশ নারী এখনো রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসার জন্য আসছেন। এ পরিস্থিতি পরিবর্তনে জনসচেতনতা বৃদ্ধি, স্ক্রিনিং পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত ইমেজিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। জাতীয় নির্দেশিকা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।