মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং বিকল্প অর্থায়নের উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মূল্যস্ফীতি আরও ২ থেকে ৩ শতাংশীয় পয়েন্ট কমিয়ে ৬ শতাংশের কাছাকাছি নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর গুলশানে ক্রাউন প্লাজা হোটেলে ‘স্টেট অব দ্য ইকোনমি: হোয়াট বিএনপি ইনহেরিটেড, হোয়াট ইট হ্যাজ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ইজ টু কাম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক নীতি নির্ধারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে সার ও পরিবহন ব্যয় বেড়েছে। ফলে আমদানিনির্ভর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের সুযোগ সীমিত। তবে দেশের অভ্যন্তরে মূল্যস্ফীতির চাপ কমাতে খাদ্যপণ্য ও খাদ্য উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক-কর কমানো হয়েছে।
তিনি জানান, ২০২৬ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। অক্টোবর মাসে তা কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। খাদ্য মূল্যস্ফীতিও ১৪ দশমিক ১০ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে।
স্বল্প আয়ের মানুষের সুরক্ষায় সরকারের সামাজিক সহায়তা কর্মসূচির কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে ৫০ লাখ পরিবারকে মাসে আড়াই হাজার টাকা করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা আরও ২ কোটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কৃষকদের বীজ ও সার সহায়তা, চাল বিতরণ এবং শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল অনুমোদনের উদ্যোগও নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সর্বজনীন স্বাস্থ্যসেবা চালুর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের ঋণ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, অতীতের ঋণের বোঝা ও ব্যয় বৃদ্ধির চাপ থাকলেও সব ঋণের কিস্তি নির্ধারিত সময়ে পরিশোধ করা হচ্ছে। বাংলাদেশ কোনো ঋণখেলাপি হয়নি। ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে এ-সংক্রান্ত বিভাগ আলাদা করা হচ্ছে। এতে নাগরিকরা দেশের প্রকৃত ঋণ পরিস্থিতি ও মাথাপিছু ঋণের হিসাব জানতে পারবেন।
উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, অর্থের যথাযথ ব্যবহার, বিনিয়োগের বিপরীতে সুফল, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত প্রভাব বিবেচনা করেই প্রকল্প অনুমোদন করা হচ্ছে। নির্ধারিত মানদণ্ড পূরণ না করায় বেশ কিছু প্রকল্প বাতিল করা হয়েছে। বাস্তবায়নে অগ্রগতি কম এমন কিছু চলমান প্রকল্পও পর্যালোচনার আওতায় রয়েছে।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যাংকনির্ভরতা কমানোর উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। এ লক্ষ্যে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ডলার বন্ড, পান্ডা ও সামুরাই বন্ড এবং হংকং স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ ইকুইটি ফান্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, করনীতি প্রণয়ন ও কর আদায়ের দায়িত্ব পৃথক করার কাজ আগামী দুই থেকে তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। কর-জিডিপি অনুপাতেও ইতিবাচক অগ্রগতি হচ্ছে। পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে অনলাইন ও রিয়েল-টাইম কার্যক্রম চালু এবং লেনদেন প্রক্রিয়া সহজ করার কাজ চলছে।
ইলেকট্রনিক্স শিল্পের বিকাশে কর ছাড়ের ফলে ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠান উৎপাদনে এসেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানির পাশাপাশি দেশের নিজস্ব কয়লা সম্পদ ব্যবহার এবং বড় অবকাঠামো ও সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হচ্ছে।
সেমিনারে অর্থনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।




