দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের তুলনায় প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৬২৪ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) থেকে নতুন এই মূল্য কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংগঠনটির মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়।
কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানানো হয়েছে।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামেই বিক্রি হবে রুপা।