দীর্ঘ দরকষাকষির পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরিকাঠামো চূড়ান্ত হয়েছে। এতে পদ ও গ্রেডভেদে ন্যূনতম মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। বাড়তি বেতন শ্রমিকরা জানুয়ারি মাসে পাবেন। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে দীর্ঘ প্রায় ১০ ঘণ্টার বৈঠক শেষে বুধবার ভোরে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে সদস্যরা একমত হলেও সর্বনিম্ন গ্রেড নিয়ে মতপার্থক্য দেখা দেয়। পরে গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
নতুন কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা। আগে এ গ্রেডে মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ৪০ দশমিক ১১ শতাংশ। গ্রেড-৩-এর শ্রমিকদের মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। অর্থাৎ বেড়েছে ৪১ দশমিক ৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টরা এ গ্রেডের আওতায় পড়বেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বছরওয়ারি বৃদ্ধির হার বিবেচনায় এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের তুলনায় বেশি। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১১ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। এবার বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে প্রতি তিন বছর পর শ্রমিকদের মজুরি পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে।
তবে নতুন মজুরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। সংগঠনটির মতে, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১৭ হাজার টাকা যথেষ্ট নয়। তারা নতুন মজুরি বোর্ড গঠন করে শ্রমিকদের বেতন পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি ও ছাঁটাই বন্ধ এবং বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির কথাও বিবৃতিতে তুলে ধরা হয়।