দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে আয়ের নতুন ক্ষেত্র তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় ও রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি ফ্রিল্যান্সারদের বিদেশি উপার্জন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থায় আনতে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতিতে এ পরিমাণ ২৯ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে ডিজিটাল সেবা রপ্তানি খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ফ্রিল্যান্সার ও ব্যক্তিগত সেবা রপ্তানিকারকদের বিদেশি আয় ব্যাংকিং চ্যানেলে আনার প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা সংরক্ষণের সুযোগ বাড়ানো এবং প্রবাসীদের বৈদেশিক মুদ্রায় সঞ্চয়ে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গত জুলাইয়ে তথ্যপ্রযুক্তি, বিপিও ও অনলাইন পেশাগত সেবায় যুক্ত ব্যক্তিদের আয় দেশে আনার বিষয়ে নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে গত সেপ্টেম্বরে বিদেশি এক্সচেঞ্জ হাউস ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তর প্রতিষ্ঠানের মাধ্যমে আসা রেমিট্যান্স ব্যক্তিগত বৈদেশিক মুদ্রা ও অনিবাসী বৈদেশিক মুদ্রা আমানত হিসাবে জমার সুযোগ দেওয়া হয়।
এ ছাড়া রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কের প্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা সহজ করতে সোয়াপ সুবিধা চালু করা হয়েছে।
অন্যদিকে ডলারের বহির্গমন নিয়ন্ত্রণে আমদানি ব্যয়ের ওপর নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। গত আগস্টে জারি করা নির্দেশনা অনুযায়ী, সরকারি আমদানি ছাড়া তিন মিলিয়ন ডলার বা তার বেশি মূল্যের পণ্য আমদানিতে ঋণপত্র খোলার অন্তত ২৪ ঘণ্টা আগে অনলাইন ব্যবস্থায় লেনদেনের তথ্য জমা দিতে হচ্ছে।
পাশাপাশি রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি ব্যয়ের তথ্য ডিজিটাল পদ্ধতিতে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে রপ্তানি আয় যথাসময়ে দেশে আসছে কি না এবং বৈদেশিক মুদ্রার বিধিবিধান মানা হচ্ছে কি না, তা যাচাই করা হচ্ছে।
তবে সংশ্লিষ্ট হিসাবগুলোতে রাখা বৈদেশিক মুদ্রা সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের সরকারি রিজার্ভের অংশ নয়। এগুলো ব্যাংকিং ব্যবস্থায় ডলারের প্রাপ্যতা বাড়াতে সহায়তা করে। রিজার্ভের প্রকৃত উন্নতি নির্ভর করে সামগ্রিক বৈদেশিক আয়, ব্যয় ও কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনার ওপর।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম মাসরুর রিয়াজ মনে করেন, দীর্ঘমেয়াদে বৈদেশিক মুদ্রার আয়ের ভিত্তি শক্তিশালী করতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি পণ্য ও বাজারের বহুমুখীকরণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। একই সঙ্গে প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা সহজ করা ও রপ্তানি আয় সময়মতো দেশে আনার বিষয়টি নিশ্চিত করাও জরুরি।




