বাংলাদেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত পরিবর্তনে পাশে থাকার প্রত্যয় জানিয়েছে বিশ্বব্যাংক। শিক্ষা খাতের চলমান উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছে সংস্থাটি।
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নে সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। একই সঙ্গে শিক্ষার অগ্রগতি এবং এ খাতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক মূল্যায়ন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে।
সাক্ষাতে বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বর্তমান অবস্থা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম আধুনিক করা এবং সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া শিক্ষা খাতে সরকারের চলমান সংস্কার উদ্যোগ এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন তারা। শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশ্বব্যাংকের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। ভবিষ্যতেও এই অংশীদারত্ব আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে জ্যাঁ পেসমে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অগ্রগতি ও সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। শিক্ষা খাতের উন্নয়ন এবং সংস্কার কার্যক্রমে আগামী দিনেও বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব দাউদ মিয়া এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন।


