বঙ্গোপসাগরের বিপুল সম্পদ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে মৎস্যসম্পদ আহরণ, নৌপরিবহন, পর্যটন ও সমুদ্রভিত্তিক শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে আধুনিক সামুদ্রিক নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
তাদের মতে, সামুদ্রিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং দেশি-বিদেশি বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করতে সমুদ্র এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও সার্বক্ষণিক নজরদারি প্রয়োজন। সামুদ্রিক নিরাপত্তা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, বরং সুনীল অর্থনীতির দীর্ঘমেয়াদি বিকাশের অন্যতম শর্ত।
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (বিমরাড) মহাপরিচালক কমোডর (অব.) সৈয়দ মিসবাহ উদ্দিন আহমেদ বলেন, কার্যকর সামুদ্রিক নজরদারি, অপরাধ দমন ও পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। পাশাপাশি মৎস্যসম্পদ, সামুদ্রিক পরিবহন এবং সমুদ্রনির্ভর শিল্পের বিকাশ ঘটবে। তবে অবৈধ মাছ শিকার, দূষণ ও আন্তদেশীয় অপরাধ এখনো বড় চ্যালেঞ্জ।
এসব সমস্যা মোকাবিলায় নৌবাহিনী, কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত নজরদারি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ অভিযান বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে সামুদ্রিক বিষয়াবলি নিয়ে পৃথক মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে আন্তসংস্থা সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেন।
প্রযুক্তিনির্ভর নজরদারির ওপর গুরুত্ব দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, রাডার, স্বয়ংক্রিয় জাহাজ শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস), স্যাটেলাইট, ড্রোন ও গোয়েন্দা তথ্য একসঙ্গে ব্যবহার করতে হবে। এতে সমুদ্র এলাকায় সম্ভাব্য অপরাধ ও নিরাপত্তাঝুঁকি দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। জলদস্যুতা, মাদক ও অস্ত্র চোরাচালান, মানব পাচার এবং অবৈধ মাছ শিকার প্রতিরোধের পাশাপাশি উদ্ধার অভিযানেও এসব প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বিস্তৃত উপকূলীয় এলাকা, দুর্গম চরাঞ্চল এবং গভীর সমুদ্রে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা বড় চ্যালেঞ্জ। প্রতিকূল আবহাওয়া ও উত্তাল সমুদ্রেও বাহিনীকে জলদস্যুতা, মানব পাচার, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়। এ ক্ষেত্রে আধুনিক টহল জাহাজ, ড্রোন ও উন্নত যোগাযোগব্যবস্থা কার্যক্রমের সক্ষমতা বাড়াতে পারে।
সাম্প্রতিক সময়ে কোস্ট গার্ডের বিভিন্ন অভিযানে মাদক, অস্ত্র, অবৈধ মাছ ধরার সরঞ্জাম ও চোরাচালানি পণ্য জব্দ হয়েছে। গত ১৪ নভেম্বর টেকনাফের নাফ নদী থেকে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা মূল্যের চার লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে একই এলাকা থেকে আরও ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার ইয়াবা জব্দ করে বাহিনীটি।
এ ছাড়া গত ২৩ নভেম্বর ‘অপারেশন কোরাল আইল্যান্ড’-এর আওতায় সেন্টমার্টিনের প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অভিযান চালিয়ে ১০১ জন জেলেকে আটক করা হয়। এ সময় পাঁচটি অবৈধ মাছ ধরার ট্রলার, ২৮টি জাল এবং ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
সুন্দরবনে জলদস্যুতা নিয়ন্ত্রণেও অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ নভেম্বর পর্যন্ত ৪৩ জন জলদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন দস্যু বাহিনীর ৬৪ সদস্য আত্মসমর্পণ করেছে এবং ৮২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দস্যুদের জমা দেওয়া হয়েছে আরও ৪৮টি আগ্নেয়াস্ত্র। এসব অভিযানে জলদস্যুদের হাতে জিম্মি ৬৩ জন জেলে, দুজন পর্যটক ও একজন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞদের মতে, সমুদ্রের মৎস্যসম্পদ, বন্দর, নৌপরিবহন, জাহাজ নির্মাণ, পর্যটন ও জ্বালানি খাতের উন্নয়ন নিরাপদ সামুদ্রিক পরিবেশের ওপর নির্ভরশীল। এ জন্য আধুনিক অফশোর টহল জাহাজ, উন্নত রাডার, ড্রোন, স্যাটেলাইট নজরদারি, দক্ষ জনবল এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানো প্রয়োজন।
বঙ্গোপসাগরের সম্পদকে জাতীয় অর্থনীতির শক্তিতে রূপ দিতে হলে নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও সম্পদের টেকসই ব্যবস্থাপনাকে সমান গুরুত্ব দিতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমুদ্রকে নিরাপদ করা গেলে সুনীল অর্থনীতি দেশের কর্মসংস্থান, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।