রমজান ঘনিয়ে আসার আগেই সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটির আশঙ্কা, ভোজ্যতেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। এতে সীমিত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এ উদ্বেগ জানান। তিনি বলেন, ব্যবসায়ীদের চাপের মুখে সরকার দেশের প্রায় ১৮ কোটি ভোক্তার স্বার্থ উপেক্ষা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটি সরকারের দায়িত্বহীনতার পরিচয়।
এস এম নাজের হোসাইনের অভিযোগ, রমজানকে সামনে রেখে ভোজ্যতেলের দাম বাড়ানোর ক্ষেত্র তৈরি করতে আমদানিকারকরা পরিকল্পিতভাবে সরবরাহ কমিয়ে দিয়েছেন। সরকারকে মূল্যবৃদ্ধিতে বাধ্য করার কৌশল হিসেবেই এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে তিনি মনে করেন। কয়েক সপ্তাহ ধরে ব্যবসায়ীরা বিভিন্নভাবে দাম বাড়ানোর উদ্যোগ নিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
ক্যাবের এই নেতা বলেন, তৈরি পোশাকশ্রমিকসহ সীমিত আয়ের মানুষ এমনিতেই নিত্যপণ্যের উচ্চমূল্যে চাপে রয়েছেন। এর মধ্যে সয়াবিন তেলের দাম বাড়লে সাধারণ পরিবারের ব্যয় আরও বাড়বে। পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তিনি আরও বলেন, সর্বশেষ ২০২২ সালে সয়াবিন তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। সে সময় আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবকে মূল্যবৃদ্ধির কারণ হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু এবার একই ধরনের পরিস্থিতি না থাকলেও ব্যবসায়ীদের চাপে সরকার দাম বাড়াতে সম্মত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এস এম নাজের হোসাইন সতর্ক করে বলেন, ভোক্তাদের স্বার্থের পরিবর্তে ব্যবসায়ীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়বে। এই অসন্তোষ একপর্যায়ে সামাজিক অস্থিরতা ও বিক্ষোভের রূপ নিতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।