দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এক দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সারা দেশে একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।
বাজুসের সর্বশেষ মূল্য নির্ধারণের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম পরিবর্তনের প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬২ হাজার ৩৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৩২৮ টাকা।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এরও আগে গত ২৪ নভেম্বর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ টাকা বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এর আগে টানা নয় দফা দাম কমার পর একবারে ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বৃদ্ধি করা হয়েছিল।
স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত মূল্যের পাশাপাশি নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না বলে জানিয়েছে বাজুস।
সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, পুরোনো স্বর্ণালংকার বিনিময়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এ মূল্য কার্যকর থাকবে।



