মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। একই সঙ্গে তার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ারও আবেদন জানানো হয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তি, গুম, হত্যা ও নির্যাতনের মতো গুরুতর অপরাধে তার সম্পৃক্ততার অভিযোগ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার তৃতীয় দিনের সমাপনী যুক্তিতর্কে এসব আবেদন জানান অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও চিফ প্রসিকিউটর এম. আমিনুল ইসলাম।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, একজন সেনাসদস্যের প্রধান দায়িত্ব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। রাষ্ট্রের অর্থে পরিচালিত বাহিনীর সদস্যদের দায়িত্ব মানুষের জীবন রক্ষা করা। অথচ জিয়াউল আহসান রাষ্ট্রের দেওয়া ক্ষমতা, অস্ত্র ও বাহিনীর সদস্যদের ব্যবহার করেছেন দেশের মানুষের বিরুদ্ধে।
তিনি অভিযোগ করেন, যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, তাদেরই তুলে নেওয়া, নির্যাতন, হত্যা ও গুমের ঘটনায় জড়িত ছিলেন আসামি। মানুষের জীবন ও মৃত্যুকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার মতো আচরণ করেছেন তিনি।
জিয়াউল আহসানের অপরাধের ভয়াবহতা তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সংখ্যা, নিষ্ঠুরতা এবং অসংখ্য পরিবারের ওপর এর প্রভাব বিবেচনায় মৃত্যুদণ্ডও অপরাধের তুলনায় সামান্য শাস্তি। তার ভাষায়, ‘তার অপরাধ সমুদ্রসমান, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’
তিনি আরও বলেন, রাষ্ট্রের অস্ত্র জনগণের নিরাপত্তার জন্য, তাদের জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানুষের অধিকার রক্ষার কাজে ব্যবহারের কথা। কোনো পদ, দায়িত্ব, পোশাক কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পরিচয় কাউকে মানবতাবিরোধী অপরাধের দায় থেকে মুক্তি দিতে পারে না।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই মামলার বিচার নিহতদের জীবন ফিরিয়ে দিতে পারবে না। নিখোঁজ ব্যক্তিদের পরিবারও হারানো সময় ফিরে পাবে না। সন্তানহারা মা, বাবাহারা শিশু কিংবা স্বামীর অপেক্ষায় থাকা স্ত্রীর কষ্ট কোনো রায়ের মাধ্যমে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তবু ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বিচার হওয়া জরুরি।
তিনি ট্রাইব্যুনালের কাছে আসামিকে প্রতিটি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর এবং তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেওয়ার আবেদন জানান। একই সঙ্গে বাজেয়াপ্ত সম্পদ থেকে ভুক্তভোগী পরিবারগুলোকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও অনুরোধ করেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর এম. আমিনুল ইসলাম বলেন, র্যাবে দায়িত্ব পালনের সময় জিয়াউল আহসান যে দানবীয় আচরণের পরিচয় দিয়েছেন, সেই প্রবণতা থেকে তিনি বের হতে পারেননি। আদালতের প্রতি তার অবজ্ঞাও বিভিন্ন আচরণের মাধ্যমে প্রকাশ পেয়েছে। রাষ্ট্রপক্ষ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি।
বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ মামলার শুনানি গ্রহণ করেন। বিচার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন ও ট্রাইব্যুনালের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয়। কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ নেন জিয়াউল আহসান। তার পক্ষে ছিলেন আইনজীবী নাজনীন নাহার। এ সময় গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আগামী রবিবার আসামিপক্ষের আইনজীবী তাদের সমাপনী যুক্তিতর্ক তুলে ধরবেন। এরপর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমের দিকে তাকিয়ে থাকবেন ভুক্তভোগী পরিবারগুলো।