কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঘিরে আইনি পদক্ষেপের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দলটি ও এর সহযোগী সংগঠনগুলোকে স্থায়ীভাবে বিলুপ্ত করে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কয়েকজন জুলাই যোদ্ধা।
বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন জমা দেওয়া হয়। জুলাই যোদ্ধাদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন।
আবেদনে আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার ক্ষেত্রে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে দলটির সব ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে বলা হয়েছে, জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ জারির মাধ্যমে দল ও এর সহযোগী সংগঠনগুলোকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার ব্যবস্থা নিতে হবে।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এম এস মোস্তাফিজুর রহমান, হাবিব, মো. হামিদুল সরকার, মো. জামাল, মো. নূর আলম, মো. রবিউল করিম, মো. নাসিম মিয়া ও মো. মনির হোসেন। তারা জনস্বার্থ ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে এই আবেদন করেছেন।
রিটে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, আইন ও বিচার, মন্ত্রিপরিষদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবসহ মোট নয়জনকে বিবাদী করা হয়েছে। তালিকায় রয়েছেন বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বিএফআইইউর প্রধানও।