২০২৪ সালের জুলাই আন্দোলনে ১৪ বছর বয়সী কিশোর আবদুল মোতালিব হত্যার ঘটনায় সাবেক মেয়র সাঈদ খোকনকে আবারও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। মামলার তদন্ত এগিয়ে নিতে তার দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সাত দিনের প্রথম দফার রিমান্ড শেষে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে আরও সাত দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে এসআরবি। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ওই দিনই আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় কিশোর আবদুল মোতালিব। আন্দোলন চলাকালে তার বুকে ও গলায় গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ২৬ আগস্ট নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ২৯ নম্বর আসামি সাঈদ খোকন।