২০১৩ সালের শাপলা চত্বর ও সিদ্ধিরগঞ্জের হত্যাকাণ্ড ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আইনি প্রক্রিয়া এগোচ্ছে। সাবেক মন্ত্রীসহ চার আসামির অব্যাহতির আবেদনের শুনানি শেষ না হওয়ায় নতুন তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনিসহ চার আসামির অব্যাহতির আবেদনের শুনানি আগামী ২৬ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলার ৪১ আসামির মধ্যে পলাতক সাতজনের পক্ষে অব্যাহতির আবেদন নিয়ে শুনানি করেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। এরপর গ্রেপ্তার সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাকের পক্ষে একই আবেদন জানান আইনজীবী মোস্তাফিজুর রহমান। পরে ইনু, দীপু মনিসহ চার আসামির পক্ষে শুনানি শুরু করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। তবে নির্ধারিত সময়ে শুনানি শেষ না হওয়ায় নতুন তারিখ দেওয়া হয়।
এর আগে সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক, দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা। নিরাপত্তাজনিত কারণে মামলার আরেক আসামি মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ভার্চুয়ালি হাজির হন।
গত ১৬ নভেম্বর পলাতক সাত আসামির অব্যাহতির আবেদন নিয়ে শুনানি শুরু হয়েছিল। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করা হয়।
এর আগে গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানায় প্রসিকিউশন। ওই দিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ট্রাইব্যুনালে তুলে ধরেন। মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন ঘটনাও তার বক্তব্যে উঠে আসে।
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, ডা. ইমরান এইচ সরকার এবং সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ। এ ছাড়া সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের কয়েকজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাও এ মামলার আসামি।
গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ এই ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
প্রসিকিউশনের অভিযোগে দুটি পৃথক ঘটনার উল্লেখ রয়েছে। প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয়টিতে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।