বিচার বিভাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আদালত অবমাননার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। শুনানি শেষে বিচার বিভাগ সম্পর্কে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাকে ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন ফুয়াদ। এ সময় ট্রাইব্যুনাল তাকে জানায়, বিচার বিভাগ সম্পর্কে এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যা প্রতিষ্ঠানটির প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।
ট্রাইব্যুনাল আরও উল্লেখ করে, আদালতের রায় কিংবা আদেশের সমালোচনা করার অধিকার রয়েছে। তবে সেই সমালোচনা হতে হবে গঠনমূলক ও দায়িত্বশীল। আদালত অবমাননার বিষয়টি গুরুতর উল্লেখ করে ট্রাইব্যুনাল জানায়, এ ধরনের অভিযোগে দায়ী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
এর আগে এবি পার্টির একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিচারব্যবস্থায় বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগসংক্রান্ত মন্তব্য করেন ফুয়াদ। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে গত ১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে আদালত অবমাননার নোটিশ জারি করা হয়। পাশাপাশি তাকে ৪ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ডেঙ্গুতে আক্রান্ত থাকায় নির্ধারিত দিনে উপস্থিত হতে পারেননি তিনি।
ট্রাইব্যুনালে নিজের বক্তব্যের ব্যাখ্যায় ফুয়াদ দাবি করেন, গণমাধ্যমে তার বক্তব্য যথাযথভাবে উপস্থাপিত হয়নি। তিনি বলেন, নির্দিষ্ট করে ট্রাইব্যুনালকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি; বরং সামগ্রিক বিচারব্যবস্থা নিয়ে কথা বলেছেন। এ ক্ষেত্রে দুর্নীতিবিষয়ক একটি প্রতিবেদনের তথ্যও উল্লেখ করেছিলেন বলে জানান তিনি।
তবে তার বক্তব্যের জবাবে ট্রাইব্যুনাল জানায়, বিচারব্যবস্থায় বস্তায় বস্তায় অর্থ লেনদেনের মতো মন্তব্য অত্যন্ত গুরুতর। একজন আইনজীবী হিসেবে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। কারণ, এমন মন্তব্যে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
পরে নিজের মন্তব্যকে অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব টাং’ হিসেবে ব্যাখ্যা করেন ফুয়াদ। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও ট্রাইব্যুনালকে আশ্বস্ত করেন তিনি।