যুদ্ধ, সংঘাত ও সহিংসতার সবচেয়ে নির্মম শিকার শিশু। তাদের হারিয়ে যাওয়া শৈশব, অপূর্ণ স্বপ্ন আর অব্যক্ত কষ্টের কথা শিল্পের মাধ্যমে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে স্মারক চিত্রপ্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
বিশ্ব শিশুদিবস উপলক্ষে গতকাল সোমবার (২৩ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ‘প্রতিরোধের শিশুরা’ শীর্ষক এ আয়োজন করে সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সংগঠন সিলসিলা।
প্রদর্শনীতে ইরানের মিনাব, ফিলিস্তিনের গাজা এবং জুলাইয়ের শহীদ শিশুদের স্মরণে বিভিন্ন শিল্পকর্ম স্থান পায়। এসব চিত্রে যুদ্ধ, রাজনৈতিক সংঘাত ও সহিংসতার কারণে শিশুদের জীবন, স্বপ্ন ও স্বাভাবিক বেড়ে ওঠার পথে তৈরি হওয়া বাধাগুলো ফুটিয়ে তোলা হয়।
আয়োজকদের মতে, শিশুদের কেবল সহিংসতার শিকার হিসেবে নয়, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে মানবিক প্রতিরোধের প্রতীক হিসেবেও তুলে ধরার প্রয়াস রয়েছে এ প্রদর্শনীতে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের নিজেদের ভাবনা, সৃজনশীলতা ও প্রতিবাদী মনোভাব প্রকাশের সুযোগ দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, শিল্পের এই আয়োজন শিশুদের অধিকার ও নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে আনবে। একই সঙ্গে যুদ্ধ-সহিংসতার বিরুদ্ধে মানবিক অবস্থান জোরালো করতে এবং প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রয়োজনীয়তা তুলে ধরতে ভূমিকা রাখবে।