স্বাধীনতার লড়াইয়ে অসামান্য অবদান রাখা বীর সেনাসদস্যদের স্মরণে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই অনুষ্ঠানে শান্তিকালীন দায়িত্বে সাহসিকতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি পেয়েছেন ২৪ সেনাসদস্য।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে মহান মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেনাপ্রধান। দেশের স্বাধীনতা অর্জনে তাদের সাহসী ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে অনুষ্ঠানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্বে শান্তিকালীন সময়ে দায়িত্ব পালনে বীরত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ২৪ জন সেনাসদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। তাদের হাতে পদক তুলে দেন সেনাবাহিনী প্রধান। পদকপ্রাপ্তদের মধ্যে সাতজন পেয়েছেন সেনাবাহিনী পদক (এসবিপি), চারজন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৩ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি)।
আয়োজনের শুরুতে মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের পাশাপাশি শান্তিকালীন সময়ে পদকপ্রাপ্ত সদস্যদের উল্লেখযোগ্য অবদানের বিবরণ উপস্থাপন করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের অবদানকে সম্মান জানানো হয়। পাশাপাশি তাদের বীরত্বের ইতিহাস নতুন প্রজন্মের সেনাসদস্যদের সামনে তুলে ধরে দেশপ্রেম, কর্তব্যনিষ্ঠা ও পেশাগত উৎকর্ষের চেতনা জোরদার করার লক্ষ্যও থাকে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের নিকটাত্মীয়দের পাশাপাশি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।