জ্ঞাত আয়ের সঙ্গে সম্পদের অসংগতি নিয়ে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার মুখে পড়েছেন চট্টগ্রাম-১০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। তার বিরুদ্ধে প্রায় ৬ কোটি ৭০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এ সোমবার মামলাটি দায়ের করা হয়। সংস্থাটির উপপরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোকাররম হোসাইন।
দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগটি আনা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, এম এ লতিফের সম্পদের উৎস খতিয়ে দেখতে ২০২৫ সালের ৮ এপ্রিল অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে জমি, ব্যবসায়িক বিনিয়োগ, গাড়ি ও নগদ অর্থসহ তাঁর নামে মোট ১০ কোটি ৮৬ লাখ ২৭ হাজার ৫১৩ টাকার সম্পদের সন্ধান পাওয়া যায়। এর মধ্যে স্থাবর সম্পদ ৩ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ২২৩ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৮৯ লাখ ৯৫ হাজার ২৯০ টাকার।
অন্যদিকে সম্মানী, ব্যবসা, ব্যাংক সুদসহ বিভিন্ন উৎস থেকে তার বৈধ আয় পাওয়া গেছে ৬ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা। তবে পারিবারিক ও অন্যান্য ব্যয় বাবদ ২ কোটি ৬১ লাখ ৭১ হাজার ৩৬৫ টাকা বাদ দেওয়ার পর সম্পদ অর্জনের বিপরীতে বৈধ অর্থের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ১৬ লাখ ৮২ হাজার ২৩৫ টাকা। এ হিসাবে ৬ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ২৭৮ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।
এজাহারে বলা হয়েছে, আয়কর বিবরণীতে কৃষি ও হর্টিকালচার খাত থেকে ৩ কোটি ৭১ লাখ ৭৫ হাজার টাকা আয়ের তথ্য দিয়েছিলেন লতিফ। কিন্তু অনুসন্ধানকালে এ দাবির সমর্থনে প্রয়োজনীয় নথি বা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে ওই অর্থকে বৈধ আয়ের হিসাবে অন্তর্ভুক্ত করেনি দুদক।
এ ছাড়া তার পরিবহন ও আবাসন ব্যবসার তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে। রিলায়েন্স লজিস্টিকসের মাধ্যমে পরিবহন এবং রিলায়েন্স অ্যাসেটস অ্যান্ড ডেভেলপমেন্ট বিডি লিমিটেডের মাধ্যমে আবাসন ব্যবসা পরিচালনার বিষয়টি মামলার নথিতে উল্লেখ করা হয়েছে। ২০১১ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ২৬ জুলাইয়ের মধ্যে এসব সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের দাবি, আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করে তা নিজের দখলে রেখেছেন এম এ লতিফ। এ অভিযোগেই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।