সম্পদের হিসাব ও ব্যাংক লেনদেনে বড় ধরনের অসংগতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে সংস্থাটি।
দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তদন্তে রিমনের নামে মোট ৩৫ কোটি ৯৮ লাখ ৬৪ হাজার ৬৮৭ টাকার সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এর মধ্যে ৪ কোটি ৯০ লাখ ৬২ হাজার ৮৬৩ টাকার স্থাবর এবং ৩১ কোটি ৮ লাখ ১ হাজার ৮২৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। দায়দেনা সমন্বয়ের পর তাঁর নিট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ কোটি ৩২ লাখ ২৬ হাজার ৩৪৩ টাকা।
দুদকের হিসাব অনুযায়ী, রিমনের গ্রহণযোগ্য আয়ের পরিমাণ ১৬ কোটি ৮২ লাখ ৩ হাজার ৫৩৫ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিয়ে তাঁর নিট আয় বা সঞ্চয় পাওয়া গেছে ১২ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার ৩২১ টাকা। এসব হিসাব পর্যালোচনা করে ১২ কোটি ৮৭ লাখ ৬১ হাজার ২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কমিশন।
সম্পদের পাশাপাশি ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। ইসলামী ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের চারটি হিসাবে মোট ১ হাজার ৩৫ কোটি ৮৪ লাখ ৯৪ হাজার ৭৬৬ টাকার সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। নগদ অর্থ জমা এবং ক্যাশ চেকের মাধ্যমে টাকা উত্তোলনের কারণে এসব অর্থের প্রকৃত উৎস ও ব্যবহারের ক্ষেত্র নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের সময়ও এসব লেনদেনের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে জানিয়েছে সংস্থাটি।
এ ঘটনায় ২০২৪ সালের ২২ ডিসেম্বর পটুয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছিল। দুদকের উপসহকারী পরিচালক সুবিমল চাকমা বাদী হয়ে মামলাটি করেন। পরবর্তী সময়ে সুবিমল চাকমা ও খালিদ হোসাইন তদন্তের দায়িত্ব পালন করেন।
তদন্ত শেষে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।