দীর্ঘদিন ধরে নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় থাকা পরিবারগুলোর সদস্যরা এবার সরাসরি প্রত্যক্ষ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম। তাদের ন্যায়বিচারের আশ্বাস দিতে সংসদীয় মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের সদস্যরা এই উদ্যোগ নিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন জাতীয় সংসদের সংসদীয় মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের প্রতিনিধিরা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিগত সাড়ে ১৫ বছরে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা।
বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত এ পরিদর্শনে অংশ নেন ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি এবং গুম প্রতিরোধ আন্দোলনের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও ককাস সদস্য সানজিদা ইসলাম তুলি। বিচার কার্যক্রম প্রত্যক্ষ করার পর সন্তোষ প্রকাশ করেন ককাসের নেতারা।
ককাসের আহ্বায়ক ফাহিমা নাসরিন মুন্নি বলেন, গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে তাদের স্বজনদের মরদেহ পর্যন্ত ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। দীর্ঘদিন ধরে স্বজন হারানোর বেদনা নিয়ে বেঁচে থাকা এসব মানুষ যেন বিচারপ্রক্রিয়া নিজের চোখে দেখতে পারেন এবং ন্যায়বিচারের বিষয়ে আশ্বস্ত হন, সেই উদ্দেশ্যেই তাদের সঙ্গে নিয়ে ট্রাইব্যুনাল পরিদর্শন করা হয়েছে।
এ সময় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের কান্না ও আহাজারিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের অপেক্ষা, অনিশ্চয়তা ও স্বজন হারানোর যন্ত্রণা তাদের বক্তব্য ও প্রতিক্রিয়ায় ফুটে ওঠে।
জাতীয় সংসদের মানবাধিকার ও শান্তি বিষয়ক ককাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দেশের সর্বস্তরে মানবাধিকার প্রতিষ্ঠা এবং শান্তি নিশ্চিত করার লক্ষ্যেই ককাসটি কাজ করছে।