সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারী জোনাল টিমের উপপরিদর্শক মো. শাহাদাত হোসেন নাফিজ ডরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।
তবে রিমান্ড আবেদনের বিরোধিতা করেন ডরিনের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী। তিনি আদালতকে জানান, মামলার এজাহারে ডরিনের নাম নেই। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। তার দাবি, ডরিন রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তাকে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। প্রয়োজনে কারাফটকে জিজ্ঞাসাবাদের আবেদনও জানান তিনি।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মামলার অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরক সরবরাহের উৎস এবং অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য ডরিনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গেও এ মামলার যোগসূত্র থাকতে পারে বলে তিনি উল্লেখ করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসা থেকে ডরিনকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে যাত্রাবাড়ীর চৌরাস্তায় কয়েকজন ব্যক্তি নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে জড়ো হন। এ সময় সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করে পুলিশ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গোপন সংবাদের ভিত্তিতে ডরিনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের দাবি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।




