দেশে স্নায়ুরোগের চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চলতি সপ্তাহেই সংশ্লিষ্ট দুই মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকদের সঙ্গে বৈঠক করা হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেন্টার দুটি স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো, করণীয় এবং অর্থের পরিমাণ বৈঠকে নির্ধারণ করা হবে। চলতি অর্থবছরের মধ্যেই এ কাজে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (২৯ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে ‘ওয়ার্ল্ড মুভমেন্ট ডিসঅর্ডার ডে ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
দেশে বর্তমানে প্রায় ৮২ হাজার চিকিৎসকের ঘাটতি রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ সংকট মোকাবিলায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি ও ব্যয়বহুল ওষুধের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী জানান, দেশে ১৭টি লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ক্যানসার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং নার্সদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।
স্বাস্থ্যসেবার মান বাড়াতে আধুনিক পরীক্ষাগার স্থাপন, নতুন হাসপাতাল ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করা এবং ব্যয়বহুল ওষুধ ও ইনজেকশন সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি।
ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে স্নায়ুরোগ-সংশ্লিষ্ট চিকিৎসাসেবার পরিধি বাড়াতে হবে। বোটুলিনাম টক্সিন (বোটক্স) ও মরফিনের মতো প্রয়োজনীয় ওষুধ দেশে উৎপাদনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কার ও পুনর্নির্মাণ কার্যক্রম গতিশীল করতে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. মাহবুবুল আলম, ডা. ইমরান সরকার, ডা. মো. মাজহারুল ইসলাম ও ডা. মো. নুরুদ্দীন প্রমুখ।