রংপুর প্রেস ক্লাবের সামনের বারান্দায় বোমা সদৃশ একটি বস্তু ফেলে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি রেখে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ঘটনাটি জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পত্রিকা বিক্রেতা জাকির হাসান জানান, প্রতিদিনের মতো সকালে প্রেস ক্লাবের বারান্দায় পত্রিকা বিক্রি করছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি একটি প্যাকেট ছুড়ে মারে। প্যাকেটটি তার পায়ে লাগে। পরে সেটি সরিয়ে রাখার সময় রশি দিয়ে বাঁধা বোমা সদৃশ বস্তু দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে দ্রুত পুলিশকে খবর দেন তিনি।
খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তার আওতায় নেন। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের ডেকে পাঠানো হয়। তারা বস্তুটি উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যান।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বস্তুটি রেখে চলে গেছে। খবর পাওয়ার পরপরই সেটি নিরাপত্তার মধ্যে নেওয়া হয়। এসআরবি নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা করার পর বস্তুটির ভেতরে কী রয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে। এটি বোমা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ওই দুই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ফুটেজ পর্যালোচনা করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ঘটানো হয়েছে কি না, জানতে চাইলে সনাতন চক্রবর্তী বলেন, তার ধারণা, জনমনে আতঙ্ক ছড়াতেই এমনটি করা হয়েছে। ঘটনাস্থলের কাছেই একটি মন্দির রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী সফর করেছেন। পাশাপাশি এলাকাটি মহানগরীর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অঞ্চল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এসআরবি-১৩ সদর কোম্পানির সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, উদ্ধার করা বস্তুটি এখনো পরীক্ষা করা হয়নি। পরীক্ষা-নিরীক্ষা শেষে এর প্রকৃত ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হবে। নিরাপদে নিষ্ক্রিয় করার প্রয়োজনীয় প্রক্রিয়াও অনুসরণ করা হবে।
তিনি বলেন, নাশকতা প্রতিরোধে এসআরবির দল ও গোয়েন্দা সদস্যরা মাঠে কাজ করছেন। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।