চট্টগ্রাম নগরের খুলশীতে একটি কনসার্ট শেষ হওয়ার পর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর মিছিল বের করার ঘটনা ঘটেছে। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে নগরের শাহজাহান মাঠ এলাকায় এ মিছিল বের করা হয়। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে কনসার্টের আয়োজন করা হয়েছিল। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কনসার্ট শেষ হওয়ার পর দর্শকরা বাড়ি ফেরার সময় সড়কে মিছিলটি বের করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজন তরুণ ও যুবককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যেতে দেখা যায়।
মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি জানান, কনসার্ট শেষে নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করলে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মিছিল বের হওয়ার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ চলছে।