কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও ১২টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রুমা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পাশের কক্ষ থেকে মাদক সেবনের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামারসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদের উপস্থিতিতে একটি ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়। স্থানীয় কয়েকজনও অভিযানে সহায়তা করেন। এ সময় তিনটি পলিথিন ও স্কচটেপে মোড়ানো প্যাকেট থেকে ২০ কেজি গাঁজা এবং ১২টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। গ্রেপ্তার রুমা খাতুন উপজেলার বড় খাটামারী এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
পুলিশের দাবি, রুমা খাতুন ও তাঁর স্বামী ওই বাসা ভাড়া নিয়ে সেখানে মাদক মজুত করতেন। সীমান্ত থেকে গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে বাসায় রেখে পরে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। তবে এ ঘটনায় তাঁর স্বামীর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশ কিছু জানায়নি।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত চলছে। মাদক, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে।