সিরাজগঞ্জে মাঠ থেকে নতুন আমন ধান কেটে বাজারে তুলতে শুরু করেছেন কৃষকেরা। জেলার বিভিন্ন হাট-বাজারে নতুন ধানের বেচাকেনাও জমে উঠেছে। তবে উৎপাদন খরচ, শ্রমিকের মজুরি ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বাজারদরে সন্তুষ্ট হতে পারছেন না চাষিরা। সরকারি পর্যায়ে ধান কেনা শুরু হলে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সিরাজগঞ্জের নয়টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে এ ধানের আবাদ করেছেন কৃষকেরা। জেলার চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়াসহ সব উপজেলাতেই রোপা আমনের চাষ হয়েছে। এসব জমিতে ব্রি ধান-৭১, ৭৫, ৪৯, ১০৩ এবং বিভিন্ন দেশি জাতের ধান আবাদ করা হয়েছে।
ইতোমধ্যে জেলার নাতুয়াপাড়া, শমেশপুর, পোড়াবাড়ি, বড়ধুল, গুঁড়া, বিনসাড়া, নওগাঁ, গড়িপপুর, নিমগাছী, সলঙ্গা, বাহিমাল, রনবাঘা, চাঁচকৈড়, মির্জাপুর, হান্ডিয়াল, বোয়ালিয়া ও ধরইলসহ বিভিন্ন হাটে নতুন ধান কেনাবেচা শুরু হয়েছে।
স্থানীয় বাজারে প্রতি মণ সাধারণ জাতের ধান ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাটারিভোগ ও স্বর্ণা জাতের ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯০০ টাকা মণ দরে। বাজারে ধানের বেচাকেনা চললেও এখনো সরকারি পর্যায়ে ধান সংগ্রহ অভিযান শুরু হয়নি। সরকারি উদ্যোগে ধান কেনা শুরু হলে কৃষকেরা আরও ভালো দাম পাবেন বলে আশা করছেন।
এদিকে মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে কৃষিশ্রমিকের সংকট। একই সঙ্গে বেড়েছে শ্রমিকের মজুরি। বর্তমানে একজন শ্রমিককে প্রতিদিন সাড়ে ৫০০ থেকে সাড়ে ৬০০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতোমধ্যে জেলার প্রায় ৬০ শতাংশ জমির ধান কাটা ও মাড়াইয়ের কাজ শেষ হয়েছে।
জেলার অন্যতম বড় ধানের বাজার সলঙ্গা। সপ্তাহে দুই দিন, সোমবার ও বৃহস্পতিবার এখানে হাট বসে। প্রতি হাটে শত শত মণ ধান কেনাবেচা হয়। বড়-ছোট মিলিয়ে প্রায় ৪০টি আড়তে চলে ধানের ব্যবসা। সলঙ্গা থেকে প্রতিদিন নাটোর, পাবনা, শেরপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ধান সরবরাহ করা হয়।
সরেজমিনে সলঙ্গা হাটে গিয়ে দেখা গেছে, বিভিন্ন এলাকার কৃষকেরা নতুন ধান নিয়ে বিক্রির জন্য এসেছেন। আড়তঘর ও হাটের খোলা জায়গায় চাটাই বিছিয়ে চলছে ধান কেনাবেচা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকন কাটারিভোগ জাতের ধানের চাহিদা ও দাম তুলনামূলক বেশি।
পাবনা থেকে আসা ধান ব্যবসায়ী আবেদন আলী জানান, তিনি সলঙ্গা হাট থেকে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা মণ দরে বিভিন্ন জাতের প্রায় ২০০ মণ নতুন ধান কিনেছেন। প্রতি সপ্তাহেই ধান কেনার জন্য এ হাটে আসেন তিনি। পরে এসব ধান যশোরের মোকামে পাঠানো হয়।
সলঙ্গা ইউনিয়নের রানীনগর গ্রামের কৃষক সোহরাব আলী জানান, এবার তিনি প্রায় তিন বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছেন। শনিবার ১ হাজার ৩০০ টাকা মণ দরে প্রায় ১০ মণ ধান বিক্রি করেছেন।
আরেক কৃষক আয়নাল হক জানান, তিনি কাটারি জাতের চার মণ ধান ১ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করেছেন।
অন্যদিকে জেলার কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের মিজানুর রহমান মাস্টার জানান, তিনি আট বিঘা জমিতে ব্রি-২৮ ও ২৯ জাতের ধান চাষ করেছেন। ইতোমধ্যে ব্রি-২৮ জাতের ধান কাটা প্রায় শেষ। কিন্তু বাজারে ধানের যে দাম পাওয়া যাচ্ছে, তাতে লোকসানের আশঙ্কা করছেন তিনি।
মিজানুর রহমান বলেন, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকায়। অথচ শুধু ধান কাটতেই শ্রমিককে দিতে হচ্ছে সাড়ে ৬০০ টাকা। এরপর ধান বাড়িতে আনা ও মাড়াইয়ের জন্য আলাদা শ্রমিকের প্রয়োজন হচ্ছে। সব মিলিয়ে উৎপাদন খরচ তুলতে হিমশিম খেতে হচ্ছে।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক একেএম মঞ্জুরে মওলা জানান, রোপা আমন চাষে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে ধানের দামও মোটামুটি ভালো রয়েছে বলে তিনি উল্লেখ করেন।