কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়া নেওয়ার সময় নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় মানব পাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার নারী-শিশুসহ সবাই বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলসংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত। তবে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধি নজরদারিতে রাখা হয়। পরে ট্রলারটির অবস্থান শনাক্ত করে সেটিকে থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। কিন্তু সংকেত অমান্য করে ট্রলারটি দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে কোস্টগার্ডের সদস্যরা ধাওয়া দিয়ে ট্রলারটি আটক করতে সক্ষম হন।
পরে ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়ায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় ট্রলারে থাকা নারী ও শিশুসহ মোট ৩১৭ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে সাতজনকে আটক করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে টেকনাফে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। উদ্ধার ব্যক্তিরা বর্তমানে কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন। আটক ব্যক্তিদের পরিচয় ও অভিযানের অন্যান্য তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানা গেছে।